#BNBBreaksATH

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চাপে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইউরোপজুড়ে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির ঢেউয়ের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে পড়েছেন। ব্লুমবার্গ জানিয়েছে, স্টারমার সরকারের জ্যেষ্ঠ মন্ত্রীরা—যেমন স্বাস্থ্যমন্ত্রী, বিচারমন্ত্রী ও সংস্কৃতিমন্ত্রী ফিলিস্তিনকে দ্রুত সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। খবর শাফাক নিউজের।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার পর এই চাপ আরও বেড়ে যায়। এরই মধ্যে স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও স্লোভেনিয়া ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।

ব্রিটেন এখনো স্বীকৃতি না দিলেও, সরকারের অভ্যন্তর থেকে চাপ এবং ফরাসি সমর্থনের ফলে নীতিগত পরিবর্তনের আলোচনায় গতি এসেছে।

এর আগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি হুঁশিয়ারি দিয়েছিলেন, গাজায় যুদ্ধ চলতে থাকলে যুক্তরাজ্য ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বাড়াতে পারে। সম্প্রতি কাতারে হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির আলোচনা আবার শুরু হয়।